‘মানসিকভাবে আমি বিধ্বস্ত!’ মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভেঙে পড়লেন নোরা ফাতেহি, ভিডিও দেখে শিউরে উঠল নেটপাড়া

গ্ল্যামার আর নাচের জাদুতে সবসময় ভক্তদের মাতিয়ে রাখেন নোরা ফাতেহি। সবসময় খুশির মেজাজে থাকা এই বলিউড সুন্দরীর গলাতেই এবার শোনা গেল গভীর এক হাহাকার। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি আর বারুদের গন্ধে নোরা যেন ভেতর থেকে দুমড়ে-মুচড়ে গিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।
শারীরিকভাবে সুস্থ থাকলেও মন পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে নোরা স্থায়ীভাবে দুবাইয়ের বাসিন্দা। ভাগ্যক্রমে যুদ্ধের এই ভয়াবহ আবহে তিনি বর্তমানে ভারতে রয়েছেন। শারীরিকভাবে তিনি নিরাপদ থাকলেও তাঁর মন পড়ে রয়েছে অশান্ত সেই মরুশহরে। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে নোরা স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা যুদ্ধের বিভীষিকাময় দৃশ্যগুলো তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। নোরা বলেন, “আমি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তা দেখে আমি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না।”
নিউ ওয়ার্ল্ড অর্ডার ও অনিশ্চয়তার ভয় সাধারণ মানুষের অনিশ্চয়তা দেখে নোরা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “প্রতিটি দিন একটা অজানা ভয় নিয়ে কাটছে। কাল সকালে কী ঘটবে, কেউ জানে না। এই অঞ্চলের যে ছবিগুলো দেখছি, তা দেখে আমি সত্যিই বিধ্বস্ত। অনেক হয়েছে, এবার থামা দরকার।” কেবল মানবিক দিক নয়, নোরার ভিডিওতে উঠে এসেছে গভীর রাজনৈতিক আশঙ্কাও। তিনি মনে করেন, পৃথিবী এক বিশাল পরিবর্তনের দিকে এগোচ্ছে। তাঁর দাবি, “পরিস্থিতি ভালো হওয়ার আগে সম্ভবত আরও খারাপের দিকে যাবে। এক নতুন বিশ্বব্যবস্থা বা ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’ তৈরি হওয়ার পথে, যার মাশুল দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।”
কাজের মাঝেই শান্তির প্রার্থনা পেশাগত দিক থেকে নোরা এখন তুঙ্গে। সম্প্রতি ‘থাম্মা’ ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সামনেই মুক্তি পাবে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। তবে এই চরম ব্যস্ততার মাঝেও নোরা এখন কেবল শান্তির প্রার্থনা করছেন। তিনি সবাইকে অনুরোধ করেছেন এই কঠিন সময়ে ধৈর্য না হারিয়ে একে অপরের পাশে দাঁড়াতে। নোরার এই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল, যেখানে তাঁর চোখের জল ছুঁয়ে গিয়েছে লক্ষ লক্ষ অনুরাগী কে।