২০২৬ সালে ছুটির মেলা! পুজোয় টানা ১২ দিনের ছুটি, জেনে নিন ক্যালেন্ডারের বাকি লাল দিনগুলি

২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার ইতিমধ্যেই রাজ্যবাসীকে খুশির খবর দিয়েছে। নবান্ন প্রকাশিত তালিকা অনুযায়ী, চলতি বছরে একাধিক বড় উৎসব ও বিশেষ দিনগুলিতে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা। যদিও বছরের প্রথম দুই মাস অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি অতিক্রান্ত, কিন্তু বছরের বাকি অংশে এখনও একগুচ্ছ ছুটি অপেক্ষা করছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় এক টানা দীর্ঘ ছুটির ঘোষণা সরকারি মহলে খুশির হাওয়া বইয়ে দিয়েছে।

বাকি গুরুত্বপূর্ণ ছুটির তালিকা (মার্চ – ডিসেম্বর):
মার্চ মাসে দোলযাত্রা (৩ মার্চ) এবং হোলি (৪ মার্চ) উপলক্ষে পরপর দু’দিন ছুটি থাকছে। এরপর ঈদ-উল-ফিতর (২১ মার্চ), আম্বেদকর জয়ন্তী (১৪ এপ্রিল), এবং বাংলা নববর্ষ (১৫ এপ্রিল) উপলক্ষে মিলবে ছুটি। মে মাসে মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা একই দিনে (১ মে) পড়ায় একটি ছুটি নষ্ট হলেও ৮ মে বুদ্ধ পূর্ণিমার এনআইএ ছুটি এবং ২৭ মে ইদুজ্জোহা উপলক্ষে ছুটি থাকছে। জুন মাসে মহরম (২৬ জুন) এবং জুলাইয়ে রথযাত্রা (১৬ জুলাই) উপলক্ষে সরকারি দফতর বন্ধ থাকবে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস শনিবারে পড়লেও তা এনআইএ আইনের অধীনে ছুটি হিসেবে গণ্য হবে।

দুর্গাপুজো ও দীপাবলির মেগা ধামাকা:
২০২৬ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে ১৫ অক্টোবর (চতুর্থি) থেকে। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর (রবিবার) পর অষ্টমী থেকে দশমী (১৯-২১ অক্টোবর) পর্যন্ত টানা ছুটি। এরপর অতিরিক্ত ছুটি মিলিয়ে লক্ষ্মীপুজোর পরের দিন (২৬ অক্টোবর) পর্যন্ত টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা। এরপর নভেম্বর মাসে কালীপুজো (৯ ও ১০ নভেম্বর), ভাইফোঁটা (১১ নভেম্বর) এবং ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন (১২ নভেম্বর) মিলিয়ে টানা ছুটির সুযোগ থাকছে। বছরের শেষ বড় ছুটিটি আসবে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে। সব মিলিয়ে ২০২৬-এর বাকি দিনগুলি উৎসব আর ছুটিতে ভরপুর।