উইন্ডিজ বধ করে সেমিফাইনালে ভারত! সঞ্জুর ব্যাটে এল ‘স্যামসন ঝড়’, ধোনি-বিরাটকে নিয়ে বড় মন্তব্য দাপুটে ওপেনারের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহারণে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে ধুলিসাৎ করল ভারত। রবিবারের এই হাই-ভোল্টেজ জয়ের সাথেই টিম ইন্ডিয়া সরাসরি পৌঁছে গেল সেমিফাইনালের মঞ্চে। আর ভারতের এই রাজকীয় জয়ের নেপথ্যে আসল কারিগর হলেন তরুণ ওপেনার সঞ্জু স্যামসন। যখন দলের ওপর প্রবল চাপ ছিল, ঠিক তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ালেন তিনি। মাত্র ৫০ বলে ১২টি চার এবং ৪টি ছক্কার সৌজন্যে অপরাজিত ৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে শেষ চারের টিকিট নিশ্চিত করে দিলেন তিনি।

খারাপ ফর্মের কারণে সঞ্জু স্যামসনকে বারবার দলে রাখা নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর ধারাবাহিকতা নিয়ে। কিন্তু ক্যারেবিয়ানদের বিরুদ্ধে এই ‘মাস্টারক্লাস’ ইনিংস যেন সব সমালোচনার মোক্ষম জবাব। কঠিন সময়ে দলের কাণ্ডারি হওয়ায় এখন সারা বিশ্বের প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচ শেষে সঞ্জু নিজেই জানিয়েছেন তাঁর এই অভাবনীয় প্রত্যাবর্তনের রহস্য। তিনি জানান, ফর্মে ফিরতে তাঁকে মানসিকভাবে চাঙ্গা করেছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে আবেগঘন সঞ্জু বলেন, “এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম। যেদিন প্রথম ভারতের নীল জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, সেদিন থেকেই এমন একটা মুহূর্ত চেয়েছিলাম। আমার ক্রিকেট যাত্রায় অনেক চড়াই-উতরাই এসেছে, মাঝে মাঝে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছিলাম। কিন্তু আজ ঈশ্বর সহায় ছিলেন।” কিংবদন্তিদের প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি বহু বছর ধরে এই ফরম্যাটে খেলছি। বিরাট ভাই, রোহিত ভাই এবং ধোনি ভাইয়ের মতো গ্রেটদের কাছ থেকে শিখেছি যে কীভাবে চাপের মুখে খেলা বদলে দিতে হয়। তাঁদের পর্যবেক্ষণ করাই আজ আমাকে এই সাফল্য এনে দিয়েছে।”