বাংলার মুকুটে নতুন পালক! ঝাড়গ্রামে তৈরি হচ্ছে দেশের দ্বিতীয় ‘প্যাঙ্গোলিন’ প্রজনন কেন্দ্র

বন্যপ্রাণী সংরক্ষণে নয়া দিশা দেখালো বাংলা। ওড়িশার নন্দনকাননের পর ভারতের দ্বিতীয় ‘প্যাঙ্গোলিন’ প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র তৈরি হতে চলেছে ঝাড়গ্রামে। রবিবার ঝাড়গ্রাম জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বিলুপ্তপ্রায় এই প্রাণীর সুরক্ষা ও বংশবৃদ্ধিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

একই দিনে ঝাড়গ্রামের বদরভোলা বিটে ১৬টি এআই (AI) ক্যামেরা সম্বলিত একটি আধুনিক হাতি পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে রিয়েল-টাইম হাতির গতিবিধি ট্র্যাক করা হবে। বনমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই এখানে থার্মাল ড্রোন এবং আরও ৫০-৬০টি স্মার্ট ক্যামেরা যুক্ত করা হবে। এছাড়া, ঝাড়গ্রাম চিড়িয়াখানায় বাঘ, সিংহ ও আলিপুর থেকে কুমির আনার প্রস্তুতিও প্রায় শেষ। পাখির ডিম ফোটানোর জন্য এখানে তাপমাত্রা-নিয়ন্ত্রিত ইনকিউবেটরের সুবিধাও রাখা হয়েছে।