আবারও নূর খান বিমানঘাঁটিতে তালিবানি ড্রোন হামলা! তপ্ত পাকিস্তান, আকাশপথে সফল অভিযানের দাবি কাবুলের

দক্ষিণ এশিয়ায় যুদ্ধের পারদ এবার চরমে। ইরান-মার্কিন সংঘাতের আবহের মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রবিবার গভীর রাতে পাকিস্তানের অন্যতম কৌশলগত সামরিক কেন্দ্র রাওয়ালপিণ্ডির ‘নূর খান’ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগান তালিবান বাহিনী। আফগান প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই অভিযানের দায় স্বীকার করেছে এবং সফল অভিযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।
কাবুলের দাবি, গত কয়েকদিন ধরে পাকিস্তানের ক্রমাগত আকাশপথে আগ্রাসনের পালটা জবাব দিতেই এই অপারেশন চালানো হয়েছে। উল্লেখ্য, নূর খান ঘাঁটিটি ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর ক্ষয়ক্ষতির পর এটি মেরামত করা হয়েছিল। গত শুক্রবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে সংঘাত আরও তীব্র হয়েছে। দুই দেশেই বিপুল হতাহতের খবর পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। এই হামলার পর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেল।