ইডেনে ভারতের রাজকীয় জয়! ভুল প্রমাণ হলো আমিরের ভবিষ্যৎবাণী, ‘স্যামসন ঝড়ে’ সেমিফাইনালে টিম ইন্ডিয়া

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ইতিহাস গড়ল ভারতীয় দল। ১ মার্চ সুপার ৮-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় নীল বাহিনী। এই জয়ের ফলে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির এখন তীব্র ট্রোলিংয়ের মুখে। আমির দাবি করেছিলেন যে, ভারত এবার সেমিফাইনালে পৌঁছাতে পারবে না; কিন্তু মাঠেই তাঁর জবাব দিল টিম ইন্ডিয়া।

জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। ৪১ রানে ২ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন ৫০ বলে অপরাজিত ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার যাদব (৫৮ রানের জুটি), হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। শেষ ওভারে ছক্কা ও চার মেরে জয় নিশ্চিত করেন সঞ্জু। সেমিফাইনালে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে বড়সড় শাস্তির মুখে পাকিস্তান দল। গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং সুপার ৮ থেকে বিদায়ের পর পিসিবি প্রতিটি পাকিস্তানি ক্রিকেটারকে ৫০ লক্ষ পাকিস্তানি রুপি (প্রায় ১.৬ লক্ষ ভারতীয় টাকা) জরিমানা করেছে। এই টাকা তাঁদের বেতন বা ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে বলে খবর।