ভোটের আগেই জেলায় জেলায় বুটের শব্দ! দক্ষিণ দিনাজপুরে ৪ কোম্পানি বাহিনী, নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা জওয়ানদের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election) আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেই রাজ্যে নিরাপত্তার পরিবেশ সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পাশাপাশি শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। মূল লক্ষ্য একটাই, ভোটারদের মন থেকে ভয় দূর করা এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করা।
রবিবার দক্ষিণ দিনাজপুরে পৌঁছেছে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুশমণ্ডি এবং হরিরামপুরে ইতিমধ্যেই টহল শুরু করেছেন জওয়ানরা। প্রশাসনের খবর অনুযায়ী, জেলায় আরও ৬ কোম্পানি বাহিনী খুব শীঘ্রই আসবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ধূপগুড়ি ও ডাউকিমারিতেও জওয়ানরা বুথ পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছেন। হুগলির শ্রীরামপুরেও চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে দীর্ঘ পথ রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের আগে এই আগাম সক্রিয়তা স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারির অংশ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।