সজনে ডাঁটার বাটি চচ্চড়িতেই ফিরবে মুখের স্বাদ, জেনে নিন মা-ঠাকুমাদের সেই সিক্রেট রেসিপি

বসন্তকাল মানেই আবহাওয়ার খামখেয়ালিপনা। ঘরে ঘরে ঠান্ডা লাগা আর জ্বরের প্রকোপ। এই সময় শরীর সুস্থ রাখতে সজনে ডাঁটার কোনো বিকল্প নেই। এককালে মা-ঠাকুমারা সজনে ডাঁটার বাটি চচ্চড়ি দিয়ে ভাতের থালা সাজাতেন, যা আজ সময়ের অভাবে মেনু থেকে প্রায় হারিয়ে গেছে। কিন্তু বাজার থেকে আনা টাটকা সজনে ডাঁটা দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু ও পুষ্টিকর পদ।
কী কী লাগবে?
১৫০ গ্রাম সজনে ডাঁটা, লম্বাটে করে কাটা আলু, ১টি টমেটো, সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, সরষে-পোস্ত বাটা, কাঁচালঙ্কা, হলুদ ও নুন-চিনি স্বাদমতো।
সহজ পদ্ধতি:
প্রথমে আলুগুলি নুন-হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে সরষের তেলে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সজনে ডাঁটাগুলি হালকা কষিয়ে নিন। এরপর সরষে-পোস্ত বাটা ও টমেটো দিয়ে নেড়েচেড়ে জল দিন। সবজি সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এলে ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে এই বাটি চচ্চড়ি আপনার মুখের স্বাদ ফেরাবেই!