ভোটের দামামা বঙ্গে! আজ কমিশনের ম্যারাথন বৈঠক, ৬০ লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা

রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শেষ হতেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। দোলযাত্রার উৎসবের কথা মাথায় রেখে দু’দিনের বদলে আজ একদিনেই সেরে ফেলা হবে এই ম্যারাথন বৈঠক। বেলার দিকে প্রথম দফায় কমিশনার, আইজি এবং জেলাশাসকদের সঙ্গে আলোচনার পর দুপুর ২টো থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে দফায় দফায় বৈঠক।
এদিনের বৈঠকের মূল আলোচনার বিষয় হতে পারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন। ইতিমধ্যে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং আজ থেকেই জেলাগুলিতে তাদের রুট মার্চ বা টহল শুরু হওয়ার কথা। সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়েও শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে আলোচনা করবেন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনাররা।
তবে সবথেকে বড় চাঞ্চল্য ছড়িয়েছে ভোটার তালিকা নিয়ে। শনিবার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ বা পেন্ডিং রাখা হয়েছে। তাঁদের নথি সংক্রান্ত বিবাদ মেটেনি বলেই খবর। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে এখন রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আজকের বৈঠকে এই ঝুলে থাকা ভোটারদের ভবিষ্যৎ নিয়ে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।