ইরান-ইজরায়েল যুদ্ধের সাইড এফেক্ট? ওমান উপকূলে মার্কিন নিষেধাজ্ঞা থাকা জাহাজে হামলা, বাড়ছে আতঙ্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার লাগল ওমান উপকূলে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ‘স্কাইলাইট’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে ২০ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৫ জনই ভারতীয় নাগরিক। বাকি ৫ জন ইরানি। এই ঘটনায় অন্তত চারজন নাবিক আহত হয়েছেন বলে খবর।
হামলাটি ঘটেছে ওমানের মাসান্দাম উপদ্বীপের খাসাব বন্দর থেকে মাত্র পাঁচ নটিক্যাল মাইল দূরে। পালাউয়ের পতাকাবাহী এই জাহাজটি মূলত অন্য জাহাজে জ্বালানি সরবরাহের কাজ করত। ওমানি নৌবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ২০ জন নাবিককেই উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে, তা নিয়ে এখনও রহস্য দানা বেঁধেছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইজরায়েল-আমেরিকার চলমান সংঘাতের জেরেই এই ঘটনা।
উল্লেখ্য, আক্রান্ত এই ‘স্কাইলাইট’ জাহাজটি আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় ছিল। অভিযোগ ছিল, এটি ইরানের ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে তেল পাচারের কাজে যুক্ত। এই ঘটনার ঠিক আগেই ওমানের দুকম বন্দরেও দুটি ড্রোন আছড়ে পড়ে, যাতে এক প্রবাসী শ্রমিক আহত হন। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়, ফলে এই পথে হামলা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।