দুবাইয়ে বোমা বিস্ফোরণের মুখে শুভশ্রী ও ইউভান! রাজ-পত্নীর বাবার গলায় আতঙ্কের সুর, এখন কেমন আছেন তাঁরা?

 মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার আটকে পড়লেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে তাঁর চার বছরের খুদে সন্তান ইউভান। ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে দুবাই বিমানবন্দরে বিমান পরিষেবা স্তব্ধ হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে চলছে বোমাবর্ষণ। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে পড়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে অভিনেত্রীর বর্ধমানের পরিবারের।

হোটেলের পাশেই বোমাবর্ষণ: শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রবিবার দুপুরে মেয়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। শুভশ্রী জানিয়েছেন, তাঁরা যে হোটেলের আশেপাশে রয়েছেন, সেখানেই বোমাবর্ষণ হয়েছে। ইউভান খুব চঞ্চল হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে এখন শান্ত করে আটকে রাখা হয়েছে। ৫ মার্চ দেশে ফেরার টিকিট থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আদৌ সেই বিমান উড়বে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

একাই গিয়েছেন শুভশ্রী: ছেলে ইউভানের পরীক্ষা শেষ হওয়ার পর তার আবদার মেটাতেই দুবাই পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী কাজের চাপে সঙ্গে যেতে পারেননি। ছোট মেয়ে ইয়ালিনি অসুস্থ থাকায় সেও কলকাতায় রয়ে গিয়েছে। শুভশ্রী তাঁর বন্ধুদের সঙ্গে থাকলেও এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে ও সন্তানকে সুরক্ষিত রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ।

প্রশাসনের হস্তক্ষেপের আশা: বর্ধমান শহরের বাজেপ্রতাপুরে শুভশ্রীর বাড়িতে এখন শুধুই উদ্বেগের প্রহর। দেবপ্রসাদবাবু জানান, সরকারিভাবে এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে রাজ চক্রবর্তী প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে তিনি আশাবাদী। আপাতত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করছেন শুভশ্রী।