IND vs WI: ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে সম্মুখসমরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কখন, কোথায় দেখবেন খেলা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে নামছে দুই হেভিওয়েট শক্তি—ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এটি কেবল একটি সুপার এইটের ম্যাচ নয়, বরং অঘোষিত এক ‘কোয়ার্টার ফাইনাল’। যে দল জিতবে, তারাই শেষ দল হিসেবে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে। কোটি কোটি ক্রিকেট প্রেমীর নজর এখন কলকাতার এই ঐতিহাসিক মাঠের দিকে।

কখন ও কোথায় দেখবেন খেলা? ১ মার্চ, রবিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই রুদ্ধশ্বাস লড়াই। টস হবে ঠিক আধঘণ্টা আগে, অর্থাৎ সন্ধ্যা ৬:৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। যারা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখতে চান, তারা জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

পিচ ও আবহাওয়া রিপোর্ট: ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, পিচ হবে রানপ্রসবী। গত ম্যাচেই এই উইকেটে ২০০-র বেশি রান উঠেছিল, ফলে আজও বড় স্কোরের সম্ভাবনা প্রবল। ইডেনের পিচ পরিদর্শনে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড কিউরেটর আশিষ ভৌমিকের উপস্থিতিতে পিচ পরীক্ষা করে মহারাজ সন্তোষ প্রকাশ করেছেন। পিচে ব্যাটারদের দাপট যেমন থাকবে, তেমনই শুরুর দিকে পেসারদের জন্য থাকবে কিছুটা বাড়তি সুবিধা।

পরিসংখ্যান ও ইতিহাস: পরিসংখ্যানের বিচারে টি-টোয়েন্টিতে ভারত এগিয়ে থাকলেও, বিশ্বকাপের মঞ্চে ইতিহাস কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। দুই দল মোট ৩০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১৯টি ম্যাচ এবং ক্যারিবিয়ানরা ১০টি। তবে বিশ্বকাপের ৪টি সাক্ষাতে ভারতের জয় মাত্র ১টিতে (২০১৪ সাল)। বাকি ৩ বারই বাজিমাত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে সেই ইতিহাস বদলে ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারে কি না, সেটাই এখন দেখার।