‘বিজেপির রথ বনাম মমতার জনতা’, এসআইআর ইস্যুতে কমিশন ও কেন্দ্রকে তুলোধনা তৃণমূল নেতার

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বা রথযাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়ে বাংলার মানুষের ক্ষোভ ধামাচাপা দেওয়া যাবে না। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি আক্রমণাত্মক মেজাজে বলেন, “বিজেপি রথ বের করুক বা পরিবর্তন যাত্রা, তাতে আমাদের বা মানুষের কিছু যায় আসে না। ওদের কাছে অনেক কিছু থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার জনতা আছে।”

বিজেপির কর্মসূচির পাশাপাশি এদিন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়েও সোচ্চার হন কল্যাণ। তাঁর দাবি, রাজ্যের প্রায় ৬০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা ‘বিচারাধীন’ হয়ে রয়েছে, যা সরাসরি গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে কেন্দ্র বাংলার মানুষের পেটে লাথি মেরেছে। ভোটার তালিকা প্রসঙ্গে তাঁর পরামর্শ—যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা দ্রুত ‘ফর্ম-৬’ পূরণ করে জমা দিন। তৃণমূল এই সমস্ত তথ্য সংগ্রহ করে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে পেশ করবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও মনে করিয়ে দেন যে, গত ২১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ভোটার তালিকা নিয়ে যে নির্দেশ দিয়েছে, তাতে বিচারকদের দ্রুত এই সমস্যা মেটানোর কথা বলা হয়েছে। তাঁর মতে, বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন নেই, কেবল তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত নিষ্পত্তি করা উচিত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও বিজেপিকে বিঁধে তিনি বলেন, বাহিনী আসুক তাতে তৃণমূল ভীত নয়, কারণ জণগণই তাঁদের আসল শক্তি।