‘বিশ্বকাপ ট্রফিটাও কি বিচারাধীন?’ রিচা-শামির নাম ভোটার তালিকায় না থাকায় মোদীকে তোপ অভিষেকের

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে প্রহসন চলছে। তাঁর দাবি, নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ ও মহম্মদ শামির নামও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন তালিকায় ফেলে রাখা হয়েছে। কমিশনকে তীব্র কটাক্ষ করে অভিষেক প্রশ্ন তোলেন, “দেশের জন্য বিশ্বকাপ আনা রিচা ঘোষের নাম যদি বিচারাধীন থাকে, তবে কি ভারতের জেতা বিশ্বকাপ ট্রফিটাও বিচারাধীন?”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২১ ফেব্রুয়ারি ইআরও (ERO) পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অমীমাংসিত কেসের সংখ্যা ছিল ১৪ লক্ষ, কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যাটা কোন ‘জাদুকঠিতে’ ৬০ লক্ষ হয়ে গেল? তিনি অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে সময়সীমা বাড়িয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে। এমনকি রাজ্যের মুখ্যসচিব ও মন্ত্রী শশী পাঁজার নামও এই তালিকায় থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তাঁর দাবি, ১৬০ জন মানুষ এই এসআইআর প্রক্রিয়ার হয়রানিতে মারা গিয়েছেন এবং ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন জানিয়েছেন যে তাঁরা জীবিত থাকা সত্ত্বেও তাঁদের তালিকায় ‘মৃত’ দেখানো হয়েছে। তৃণমূল এই ইস্যুতে আইনি লড়াই ও জনআন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে।