দোটানায় তৃণমূল! খোদ মন্ত্রীর নামই ‘বিচারাধীন’, তজমুলের কি এবার টিকিট অনিশ্চিত?

নির্বাচনের ঠিক আগে চরম বিড়ম্বনায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা ‘SIR’ প্রক্রিয়ার গেরোয় ফেঁসে গেলেন খোদ রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রীর নামের পাশে লেখা রয়েছে ‘অ্যাডজুডিশন’ বা ‘বিচারাধীন’। অর্থাৎ, বর্তমানে তাঁর ভোটাধিকার আইনি গোলকধাঁধায় আটকে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই জট না কাটে, তবে আগামী নির্বাচনে তজমুলের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে।
তৃণমূল সূত্রের খবর, গত ১৮ জানুয়ারি তথ্যগত অসঙ্গতির কারণে কমিশন তাঁকে শুনানির নোটিশ পাঠিয়েছিল। হাইকোর্ট নিযুক্ত অতিরিক্ত জেলা বিচারক বর্তমানে তাঁর নথি যাচাই করছেন। এই পরিস্থিতি মালদহ জেলা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শোনা যাচ্ছিল, দল এবার তাঁকে হরিশ্চন্দ্রপুর থেকে সরিয়ে চাঁচল কেন্দ্রে প্রার্থী করার কথা ভাবছিল, কারণ নিজের কেন্দ্রে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েছিল। কিন্তু এখন প্রার্থীর নিজের নামই যদি ভোটার তালিকায় না থাকে, তবে মনোনয়ন জমা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। জেলা তৃণমূল সহ-সভাপতি শুভময় বসু বলেন, “বিজেপির কথায় কমিশন ইচ্ছাকৃতভাবে সাপ্লিমেন্টারি তালিকা পিছিয়ে দিচ্ছে কি না, তা নিয়ে আমরা আশঙ্কিত। প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব।” তজমুলের ভাগ্য এখন বিচারবিভাগীয় আধিকারিকদের কলমের ডগায়।