আকাশপথে মিসাইল আতঙ্ক! ইরানের ওপর হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য, ভারতীয় বিমানে জারি কড়া সতর্কতা!

ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে এই মুহূর্তে কার্যত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন চূড়ান্ত ঝুঁকির মুখে। এই পরিস্থিতিতে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (DGCA) দেশের সমস্ত বিমান সংস্থাকে বিশেষ সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরান, বাগদাদ, তেল আভিভ এবং দুবাইয়ের মতো ব্যস্ত আকাশপথ দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের আনাগোনা বেড়ে যাওয়ায় অনেক দেশ তাদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। ডিজিসিএ-র নির্দেশ অনুযায়ী, আগামী ২ মার্চ পর্যন্ত প্রভাবিত দেশগুলির আকাশসীমা এড়িয়ে চলতে হবে ভারতীয় উড়ানগুলিকে। ইতিমধ্যে সিরিয়া ও ইয়েমেনের আকাশপথে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। এয়ারলাইন্সগুলিকে আন্তর্জাতিক নিয়ম মেনে ‘নোটামস’ (NOTAMs) অনুসরণ করার পরামর্শ দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ সচিব সমীর কুমার সিনহা। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে কন্ট্রোল রুম।