জেল থেকে সোজা ময়দানে! মোদী-শাহের গ গড়ে বড় কামব্যাক কেজরিওয়ালের, যন্তরমন্তরে কি আজই হবে ‘বিস্ফোরণ’?

আবগারি দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ে অরবিন্দ কেজরিওয়ালের অব্যাহতির পর ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে আপ শিবিরে এখন উৎসবের মেজাজ। দীর্ঘ কারাবাস ও আইনি লড়াই শেষে ‘সততার সার্টিফিকেট’ হাতে নিয়ে আজ, ১ মার্চ দিল্লির যন্তরমন্তরে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছেন কেজরিওয়াল ও মণীশ শিশোদিয়া। এই সমাবেশ শুধু উদযাপনের নয়, বরং কেন্দ্রের এজেন্সির রাজনীতির বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দিল্লি আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, যন্তরমন্তরের এই সভায় যোগ দেবেন চাকরি হারানো প্রায় ১০ হাজার বাস মার্শাল এবং চাকরিচ্যুত চিকিৎসক-নার্সরা। ইউনিফর্ম পরেই তাঁরা কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই রায় আম আদমি পার্টিকে শুধু আইনি স্বস্তি দেয়নি, বরং জাতীয় রাজনীতিতে কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে অবিজেপি দলগুলি ইতিমধ্যেই আপ-এর পাশে দাঁড়িয়েছে। আজ যন্তরমন্তরের মঞ্চ থেকে কেজরিওয়াল ২০২৬-এর লড়াইয়ের জন্য কী বার্তা দেন, এখন সেটাই দেখার।