“অবৈধ ভোটারদের বিদায় ঘণ্টা!” তৃণমূলের বিক্ষোভের মাঝেই হাসনাবাদে হুঙ্কার বিজেপির, তুঙ্গে রাজনৈতিক সংঘাত!

বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। শনিবার রাতে বসিরহাট-হাসনাবাদ সংযোগকারী লেবুখালি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিকে টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা পুড়িয়ে তীব্র ক্ষোভ উগরে দেন।

বসিরহাট দক্ষিণ বিধানসভার সাহাপুর ১১১ নম্বর বুথে মোট ১ হাজার ৬৫ জন ভোটারের মধ্যে প্রায় ৪০০ জনের নামই ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হয়েছে। এই ঘটনার পরেই এলাকার তৃণমূল সভাপতি শাহজাহান মোড়লের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়। তৃণমূলের দাবি, এটি বিজেপির একটি পরিকল্পিত চক্রান্ত। অন্যদিকে, বসিরহাট মহকুমা জুড়ে মোট ১৬ হাজার ১২৫ জনের নাম বাদ যাওয়া নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসনাবাদ থানার পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। পাল্টা তোপ দেগে বিজেপি জানিয়েছে, অবৈধ বাংলাদেশি ও ভুয়া ভোটারদের নাম বাদ যাওয়াতেই শাসকের এই মাথা ব্যথা। সবমিলিয়ে ছাব্বিশের ভোটের আগে হাসনাবাদের এই দাহ কার্যত মহড়া বলেই মনে করছে রাজনৈতিক মহল।