মধ্যরাতে মাঠের মাঝে চলছিল ‘মরণ নেশা’র রান্না! পুলিশের হানায় ভেস্তে গেল কয়েক কোটির কারবার, কাঁপছে মালদা!

রাতের অন্ধকারে জনশূন্য মাঠের মাঝে চলছিল ব্রাউন সুগার তৈরির তোড়জোড়। কিন্তু পুলিশের কাছে ছিল আগাম খবর। শুক্রবার গভীর রাতে মালদার মোথাবাড়ি থানার আমলিতলা মাঠে হানা দিয়ে ৪ কেজি ৬৪৯ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় কালিয়াচকের কিসমতপুর এলাকার বাসিন্দা কাইম শেখ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর ছিল, কালিয়াচক ছেড়ে এখন কারবারিরা মোথাবাড়ির নির্জন মাঠে ডেরা বাঁধছে। সেই মতোই কালিয়াচক ও মোথাবাড়ি থানার যৌথ বাহিনী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে বাকিরা পালালেও কাইম শেখ ধরা পড়ে যায়। পুলিশ সুপার আরও জানান, গত দুই মাসে মালদায় প্রায় ৮০ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের মূল পাণ্ডাদের হদিশ পেতে মরিয়া তদন্তকারীরা।