আমজনতার আস্থা ফেরাতে পথে আধাসেনা! ভোটের বাদ্যি বাজার আগেই নদিয়ার অলিতে-গলিতে শুরু বুট-জুতো’র শব্দ!

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নদিয়াতেও রবিবার সকাল থেকে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রানাঘাট ও কৃষ্ণনগর পুলিশ জেলা মিলিয়ে মোট ১৭টি বিধানসভা কেন্দ্রের জন্য ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
রবিবার, ১লা মার্চ সকাল থেকেই নদিয়ার স্পর্শকাতর এলাকাগুলোতে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণ মানুষের মনে ভয় কাটাতে এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতেই এই আগাম তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কৃষ্ণনগর থেকে রানাঘাট—জেলায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং অলি-গলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মার্চ করতে দেখা যায়। নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে, আর তার আগেই জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। এই আগাম মোতায়েনকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোরদার চর্চা।