বিশ্বজয়ীর নামেই ‘সন্দেহ’! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ বঙ্গভূষণ রিচা ঘোষ, চূড়ান্ত অপমানে ফুঁসছে শিলিগুড়ি!

দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ভারতের হয়ে বিশ্বকাপ ছিনিয়ে এনেছিলেন তিনি। বাংলার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ঝুলিতে পুরেছিলেন বিশ্বজয়ের শিরোপা। সেই রিচা ঘোষের নামই এবার ভোটার তালিকায় ব্রাত্য! গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ এবং তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামের পাশে লেখা রয়েছে ‘অ্যাডজুডিকেট’ বা বিচারাধীন। দেশের গর্ব এমন এক অ্যাথলিটের নাগরিকত্ব বা ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে কেন প্রশ্ন উঠল, তা নিয়ে এখন তোলপাড় শিলিগুড়ি থেকে কলকাতা।

শিলিগুড়ির মেয়ে রিচা বর্তমানে বেঙ্গালুরুতে অনুশীলনে ব্যস্ত। গত বছর নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত যখন বিশ্বসেরা হয়, তখন রিচা ছিলেন সেই জয়ের অন্যতম কাণ্ডারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বঙ্গভূষণ’ সম্মানেও ভূষিত করেন। কিন্তু চূড়ান্ত তালিকায় নিজের নাম দেখে হতবাক রিচার পরিবার। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, এসআইআর প্রক্রিয়ার সময় রিচা খেলার কারণে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু সমস্ত বৈধ নথি যথাসময়ে জমা দেওয়া হয়েছিল। তাসত্ত্বেও কেন এই হয়রানি? শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করেছেন। স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা রবিবারই রিচার বাড়িতে যান এবং ঘোষণা করেন যে, একজন বিশ্বজয়ীর এই অপমান তাঁরা মেনে নেবেন না। সোমবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল নেতৃত্ব। স্পোর্টিং আইকনদের নিয়ে কমিশনের এই ‘ছেলেখেলা’ নিয়ে এখন উত্তাল ময়দান।