“আমি কি ভোট দিতে পারব না?” আসানসোলে কলেজ কর্মীর নাম ভোটার তালিকা থেকে গায়েব, নেপথ্যে কি রাজনৈতিক প্রতিহিংসা?

আসানসোল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই বড়সড় বিপত্তি। আসানসোল বিধানচন্দ্র কলেজের কর্মী উদয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে বাদ পড়ায় শোরগোল পড়ে গিয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হীরাপুর এলাকায়। উদয়বাবুর দাবি, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও এবং কোনো শুনানিতে না ডাকার পরেও তাঁর নাম ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে। তিনি একে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

আসানসোলের শ্যামবাঁধ এলাকার দীর্ঘদিনের বাসিন্দা উদয় মুখোপাধ্যায় একসময় তৃণমূল ছাত্র পরিষদের পরিচিত মুখ ছিলেন। বর্তমানে তিনি কলেজের অশিক্ষক কর্মচারী। তাঁর অভিযোগ, “আমার বাবা, মা, স্ত্রী—সবার নাম চূড়ান্ত তালিকায় আছে। আমি নিজেও ২০১৪ সাল থেকে নির্বাচনের কাজে কমিশনের হয়ে ডিউটি করে আসছি। ১৯৮৯ সালে আমার জন্ম, এখানেই পড়াশোনা। অথচ আমার ছবির ওপর ‘ডিলিট’ লিখে দেওয়া হয়েছে।” উদয়বাবু আরও জানান, বিএলও-র সাথে নিয়মিত যোগাযোগ রাখলেও তাঁকে কোনো সমস্যার কথা জানানো হয়নি এবং কোনো নোটিশ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত হওয়ার কারণেই কি তাঁর নাম টার্গেট করা হলো? এই প্রশ্ন এখন আসানসোলের রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এখন আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা ভাবছেন।