তিনবারের বিধায়কেরও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? কমিশনের তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বিডিও-র নাম!

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। শুধু উত্তর ২৪ পরগনা জেলা থেকেই বাদ পড়েছে ১ লক্ষ ৪২ হাজার ২৯৭ জন ভোটারের নাম। কিন্তু সবথেকে বড় চমক দেখা গিয়েছে ‘বিচারাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায়। সেখানে নাম রয়েছে সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন এবং আমডাঙার তিনবারের তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের।

বিডিও সায়ন্তন সেন আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের ভোটার। ওই কেন্দ্রের ১৪ হাজার ১৫৪ জন ‘বিচারাধীন’ ভোটারের মধ্যেই তাঁর নাম রয়েছে। অন্যদিকে, ২০১১ সাল থেকে টানা বিধায়ক রফিকুর রহমান ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, সব নথি দেখানোর পরেও তাঁর নাম কেন ‘বিচারাধীন’ রাখা হলো তা বোধগম্য নয়। কমিশনের আশ্বাস, এই তালিকায় থাকা প্রত্যেকেই নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন এবং নথি ঠিক থাকলে নাম ‘অ্যাপ্রুভড’ করা হবে। তবে বিডিও থেকে জনপ্রতিনিধি—কারও নামই রেহাই না পাওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়েছে।