ভোটের দামামা! কাল থেকেই ময়দানে কমিশনের ‘ফুল বেঞ্চ’, জেলাশাসক-এসপিদের তলব!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে রণপ্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার ও মঙ্গলবার—টানা দু’দিন রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ বৈঠকে বসছে কমিশনের ‘ফুল বেঞ্চ’। সশরীরে রাজ্যে আসার দিনক্ষণ কিছুটা পিছিয়ে যাওয়ায় আপাতত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই ম্যারাথন বৈঠক চলবে।

সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রথম দিনের বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার পুলিশ কমিশনার, সমস্ত জেলার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপাররা (SP)। সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় নিরাপত্তার কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে কী রণকৌশল নেওয়া হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট চাইবে কমিশন। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার বৈঠক হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে। এই বৈঠকেই মূলত কত দফায় নির্বাচন করা সম্ভব এবং রাজ্যে আর কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, তা নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। এছাড়া রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উদ্ধার হওয়া অস্ত্র-বোমা নিয়েও কড়া বার্তা দিতে পারে কমিশন। আগামী ৯ বা ১০ মার্চ কমিশনের ফুল বেঞ্চের বঙ্গে আসার সম্ভাবনা রয়েছে।