মাংস রান্না আর হলো না! গ্যাস লিক করে দাউদাউ আগুন, চোখের সামনেই পুড়ে ছাই মা-ছেলে!

ছুটির দুপুরে মাংস ভাত খাওয়ার আনন্দ নিমেষেই বদলে গেল হাহাকারে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মা ও ছেলের। রবিবার দুপুরে বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আম্বোই এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম পুতুল মণ্ডল (৫৫) ও বিপ্লব মণ্ডল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় রং মিস্ত্রি বিপ্লব রবিবার দুপুরে বাজার থেকে মাংস কিনে এনেছিলেন। রান্নাঘরে উনুন জ্বালাতে গেলেই ঘটে বিপত্তি। বাবা বীরেন মণ্ডল সতর্ক করেছিলেন যে গ্যাস লিক হচ্ছে, কিন্তু তা উপেক্ষা করেই বিপ্লব দেশলাই জ্বালাতেই দাউদাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিপ্লবের শরীরে। ছেলেকে বাঁচাতে গিয়ে মা পুতুল মণ্ডলও আগুনের গ্রাসে চলে আসেন। ঘর থেকে বের হওয়ার সুযোগটুকুও পাননি তাঁরা। প্রতিবেশীরা সাবমার্সিবল পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ।

বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান সমীর সরকার ঘটনাস্থলে পৌঁছে শোকাতুর পরিবারটিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এক লহমায় সাজানো সংসার ছারখার হয়ে যাওয়ায় গোটা আম্বোই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।