আবারও রাজকীয় কামব্যাক! ডাস্টারের নতুন লুকে ঘুম উড়ল ক্রেটা-সেল্টোসের!

এসইউভি প্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভারতের বাজারের একসময়ের ‘অঘোষিত রাজা’ রেনল্ট ডাস্টার ফিরছে একেবারে হিরো স্টাইলে। কয়েক বছরের বিরতির পর ২০২৬ মডেলের যে ডাস্টারটি রেনল্ট সামনে এনেছে, তার লুক এবং ফিচার দেখে কার্যত চোখ কপালে উঠেছে অটোমোবাইল বিশেষজ্ঞদের। আধুনিক প্রযুক্তির সাথে রাফ-অ্যান্ড-টাফ লুকের এমন মিশেল খুব কম গাড়িতেই দেখা যায়।
নতুন ডাস্টারের ডিজাইনে আমূল পরিবর্তন আনা হয়েছে। সামনের দিকে থাকছে অত্যন্ত স্লিম ‘আই-ব্রো’ স্টাইলের LED DRL এবং গ্রিলের ওপর বড় হরফে খোদাই করা ‘Duster’ ব্যাজ, যা গাড়িটিকে প্রিমিয়াম ফিল দিচ্ছে। ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, চওড়া ক্ল্যাডিং এবং সি-শেপড টেল ল্যাম্পের সাথে কানেক্টেড LED লাইট বার গাড়িটির পিছনের অংশকে করে তুলেছে অনবদ্য। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য থাকছে রুফ রেল এবং সিলভার স্কিড প্লেট।
গাড়ির অন্দরমহল বা কেবিনও কোনো লাক্সারি কারের চেয়ে কম নয়। ডার্ক ব্ল্যাক থিম, লেয়ারড ড্যাশবোর্ড এবং ১০.২৫ ইঞ্চির ফুল ডিজিটাল ড্রাইভার ডিসপ্লের সাথে ১০.১ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। আরামের জন্য রয়েছে ভেন্টিলেটেড সিট, ডুয়াল জোন অটো এসি এবং অবশ্যই গ্রাহকদের সবচেয়ে প্রিয় ফিচার—প্যানোরামিক সানরুফ। সুরক্ষার জন্য রেনল্ট কোনো আপস করেনি; ৬টি এয়ারব্যাগ থেকে শুরু করে ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং লেভেল ২ ADAS (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম)-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে এতে। মাত্র ২১,০০০ টাকার টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং শুরু হয়েছে এবং গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হতে পারে ১০.৫০ লক্ষ টাকা থেকে। হুন্ডাই ক্রেটা বা মারুতি গ্র্যান্ড ভিটারাকে টেক্কা দিতে রেনল্টের এই নতুন বাজি কতটা সফল হয়, এখন সেটাই দেখার।