দেশজুড়ে ট্রাক ভর্তি মিষ্টি পাঠাচ্ছেন বিজয়-রশ্মিকা! ‘বিরোশ’-এর রাজকীয় বিয়েতে পাত পড়ল আমজনতার

দক্ষিণের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা এবং সুপারস্টার বিজয় দেবেরকোন্ডার বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চমক দিল এই তারকা জুটি। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে অত্যন্ত গোপনীয়তার সাথে সাতপাকে বাঁধা পড়ার পর, এবার নিজেদের আনন্দের ভাগ করে নিতে দেশজুড়ে ট্রাক ভর্তি মিষ্টি পাঠাচ্ছেন নবদম্পতি। অনুরাগীদের জন্য তাঁদের এই বিশেষ উপহার ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

রোববার (১ মার্চ, ২০২৬) ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতিতে বিজয় ও রশ্মিকা জানান, “আপনারা সবসময় আমাদের এই সফরের অংশ ছিলেন। ভারতের যেকোনো উৎসব মানেই মিষ্টি আর ভালো খাবার। তাই আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমরা দেশজুড়ে মিষ্টি ভর্তি ট্রাক পাঠাচ্ছি।”

তালিকায় রয়েছে কোন কোন শহর? তারকা দম্পতির ঘোষণা অনুযায়ী, মিষ্টি ভর্তি এই ট্রাকগুলো পৌঁছাবে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদ-সহ দেশের প্রধান শহরগুলোতে। কেবল মিষ্টি বিতরণই নয়, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং অসমের মোট ১৬টি বিখ্যাত মন্দিরে ‘অন্নদানম’ বা অন্নকুটের আয়োজন করেছেন তাঁরা। এর মধ্যে বেঙ্গালুরুর শিবোহম মন্দির এবং শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের মতো পবিত্র স্থানগুলোও রয়েছে।

উল্লেখ্য, উদয়পুরের রাজকীয় বিয়ের ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই তা লাইক ও কমেন্টের বন্যায় ভাসছে। ভারতীয় সেলিব্রিটিদের বিয়ের ছবির মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে ‘বিরোশ’-এর এই বিয়ের অ্যালবাম। সাধারণ মানুষের প্রতি তাঁদের এই কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গি এবং মন্দিরগুলোতে অন্নসেবার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। পর্দার প্রেম যে বাস্তবেও এতটা মধুর হতে পারে, তা আরও একবার প্রমাণ করলেন এই পাওয়ার কাপল।