“খামেনেই খতম, এটাই সেরা সুযোগ”— ইরানিদের বিদ্রোহের ডাক দিয়ে বিস্ফোরক দাবি নেতানিয়াহুর!

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সবথেকে বড় দাবা উল্টে দেওয়ার দাবি করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার এক বিশেষ ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই আর বেঁচে নেই। ইজরায়েলি গোয়েন্দাদের হাতে খামেনেইয়ের মৃতদেহের ছবি পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। যদিও তেহরান এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে।
নেতানিয়াহুর ভাষণে মূল পয়েন্টগুলো:
-
বিদ্রোহের ডাক: হিব্রু ও ইংরেজি ভাষায় দেওয়া ভাষণে নেতানিয়াহু ইরানের সাধারণ মানুষকে রাস্তায় নেমে স্বৈরাচারী শাসন উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই সুযোগ প্রজন্মে একবারই আসে, একে হাতছাড়া করবেন না।”
-
খামেনেই ও পরমাণু কর্মকর্তাদের নিকেশ: নেতানিয়াহু দাবি করেছেন, ইজরায়েলি হামলায় খামেনেইয়ের প্রাঙ্গণ ধ্বংস করার পাশাপাশি রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং উচ্চপদস্থ পরমাণু কর্মকর্তাদেরও খতম করা হয়েছে।
-
ট্রাম্পের প্রশংসা: এই অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “ঐতিহাসিক নেতৃত্ব” এবং প্রতিশ্রুতি রক্ষার জন্য তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।
-
লক্ষ্য শান্তি: ইজরায়েলি প্রধানমন্ত্রীর মতে, ইরান যেভাবে পরমাণু অস্ত্রের পথে এগোচ্ছিল, তা রুখতেই এই যুদ্ধ এবং এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসবে।
ইরানের পক্ষ থেকে এই দাবিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দেওয়া হলেও, ইজরায়েল জানিয়েছে তাদের অভিযান লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত জারি থাকবে।