‘আল্লাহু আকবর…’, খামেনেইয়ের মৃত্যুসংবাদ পড়তে গিয়ে স্টুডিওতেই হাউহাউ করে কাঁদলেন সঞ্চালক!

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর ইরানের অলিগলি ডুবেছে গভীর শোকে। দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের শাসনভার সামলানো সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের প্রয়াণে স্তব্ধ গোটা দেশ। শনিবার ভোরে নিজের দফতরেই মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের স্টেট টিভি। এই ঐতিহাসিক ও বিয়োগান্তক খবরটি পাঠ করতে গিয়ে খোদ সংবাদপাঠকের কান্নায় ভেঙে পড়ার ভিডিও এখন নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

লাইভ টিভিতে আবেগের বিস্ফোরণ ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ‘VISEGRAD24’ নামক এক সংবাদমাধ্যমের অ্যাঙ্কর ‘আল্লাহু আকবর’ বলে সংবাদ পাঠ শুরু করেন। খামেনেইয়ের কর্মজীবন এবং বিশ্বের ‘উদ্ধত শক্তি’র বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কথা বলতে বলতেই ধরা গলায় অঝোরে কাঁদতে থাকেন তিনি। খামেনেইয়ের সঙ্গে তাঁর পরিবারের একাধিক সদস্যও এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। ইরানে ইতিমধ্যেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

অনিশ্চয়তার মুখে ইরানের ভবিষ্যৎ ১৯৮৯ সাল থেকে ইসলামিক রিপাবলিকের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে শক্ত হাতে ইরান সামলাচ্ছিলেন খামেনেই। তবে প্রয়াণের আগে তিনি কোনও আনুষ্ঠানিক উত্তরসূরী ঘোষণা করে যাননি। ফলে তাঁর এই আকস্মিক মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণকৌশল কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্পের দাবির পর ইরানের সংবাদমাধ্যমও এখন এই ‘শহিদ’ হওয়ার খবর নিশ্চিত করেছে।