জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়! ঘরের মাঠে সূর্যকুমারের দলের মরণ-বাঁচন লড়াই আজ

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা এখন তুঙ্গে। সুপার এইট পর্বের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের জন্য এটি কার্যত একটি ‘ডু অর ডাই’ ম্যাচ। জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেও, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ জয় ছাড়া কোনও বিকল্প নেই মেন ইন ব্লু-র কাছে।

বেঞ্চের শক্তি কি আজ মাঠে? আজকের ম্যাচের সবচেয়ে বড় জল্পনা হল কুলদীপ যাদবকে নিয়ে। পুরো টুর্নামেন্ট জুড়ে বেঞ্চে বসে কাটানো এই বাঁহাতি রিস্ট স্পিনার আজ বরুণ চক্রবর্তীর বদলে প্রথম একাদশে জায়গা পেতে পারেন। গত দুই ম্যাচে বরুণ সেভাবে প্রভাব ফেলতে পারেননি, উল্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ খরুচে প্রমাণিত হয়েছেন। ইডেনের পিচে কুলদীপের রেকর্ড এবং তাঁর বৈচিত্র্য আজ ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটারদের আটকাতে বড় অস্ত্র হতে পারে।

চিন্তায় বোলিং বিভাগ, ছন্দে ব্যাটাররা ব্যাটিং নিয়ে কোচ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ না থাকলেও, বোলারদের ফর্ম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিবম দুবে গত ম্যাচে ২ ওভারে ৪৬ রান দিয়ে বসেন। বোলিং কোচ মর্নে মর্কেল তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। অন্যদিকে, হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করলেও বোলিংয়ে সেভাবে দাগ কাটতে পারছেন না। তবে ব্যাটিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি এবং ঈশান কিশান-তিলক বর্মাদের ফর্ম ভারতকে আত্মবিশ্বাস দিচ্ছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ।

Samrat Das
  • Samrat Das