পাক ক্রিকেটে মহাপ্রলয়! বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাবর-সলমনদের ছাঁটাইয়ের ব্লু-প্রিন্ট তৈরি নকভির!

বিশ্বকাপ থেকে বিদায় এখনও নিশ্চিত হয়নি, কিন্তু তার আগেই পাকিস্তান ক্রিকেটে বেজে গিয়েছে পরিবর্তনের ডঙ্কা। গ্রিন আর্মির পারফরম্যান্সে ক্ষুব্ধ পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি এবার বড়সড় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাতে চলেছেন দলে। সূত্রের খবর, বিশ্বকাপ অভিযান শেষ করে দল দেশে ফিরলেই বর্তমান অধিনায়ক সলমন আলি আঘা তো বটেই, এমনকি সিনিয়র ক্রিকেটার বাবর আজমের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও ইতি টেনে দিতে পারে বোর্ড।

বাবর-আঘাদের বিদায় ঘণ্টা: গ্রুপ লিগে ভারতের কাছে হার এবং সুপার এইট পর্বে ছন্নছাড়া পারফরম্যান্সের পর পিসিবি ম্যানেজমেন্টের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। চেয়ারম্যান নকভি নির্বাচকমণ্ডলী এবং কোচ মাইক হেসনকে পূর্ণ স্বাধীনতা দিলেও প্রত্যাশিত ফল আসেনি। পিটিআই-এর একটি সূত্র জানিয়েছে, “নকভি কোচ এবং নির্বাচকদের কাজে চরম অসন্তুষ্ট। সলমন আলি আঘা অধিনায়ক হিসেবে ডাহা ফেল, আর বাবর আজম সিনিয়র হয়েও দলকে টানতে ব্যর্থ। তাঁদের আর টি-টোয়েন্টি ফরম্যাটে রাখার প্রয়োজন দেখছে না বোর্ড।” উসমান খানের মতো ক্রিকেটারদের ভবিষ্যৎও এখন বিশ বাঁও জলে।

ফিরে আসছেন পুরনো সেনাপতিরা? অধিনায়ক হিসেবে সলমন আলি আঘার উত্তরসূরী খোঁজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন দুই প্রাক্তন অধিনায়ক— শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। যদিও গত এক বছরে ফর্মের কারণে তাঁরা দুজনেই দল থেকে বাদ পড়েছিলেন, কিন্তু বর্তমান সঙ্কটে বোর্ড তাঁদের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখতে চাইছে। নকভির লক্ষ্য, ব্যর্থ সিনিয়রদের ছেঁটে ফেলে তরুণ তুর্কিদের দিয়ে নতুনভাবে দল সাজানো।

পিসিবির চেনা ছক: পাকিস্তানি ক্রিকেটে টুর্নামেন্টে ভরাডুবি হলে ক্যাপ্টেন বদল বা কোচ ছাঁটাই নতুন কিছু নয়। ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে বোর্ড নিজেদের পিঠ বাঁচাতে চাইছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শ্রীলঙ্কাকে হারালেও সেমিফাইনালের পথ কার্যত বন্ধ পাকিস্তানের জন্য। তাই দল ফিরলেই হেসন ও নির্বাচকদের তলব করেছেন নকভি। বাবর আজমের মতো মহাতারকার টি-টোয়েন্টি ক্যারিয়ার কি তবে ট্র্যাজিক সমাপ্তির দিকে এগোচ্ছে? উত্তর দেবে সময়।