নির্বাচনী লড়াইয়ের আগে বড় আপডেট: আজই বেরোচ্ছে ভোটারদের ভাগ্য নির্ধারণকারী SIR ফাইনাল লিস্ট!

পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক মাস ধরে চলা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা SIR প্রক্রিয়ার টানাপোড়েন অবশেষে চূড়ান্ত পর্যায়ে। আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ফাইনাল ভোটার লিস্ট। তবে এই তালিকাই শেষ কথা নয়; বরং সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকায় যুক্ত হয়েছে একাধিক নতুন ক্যাটেগরি, যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে নবান্ন থেকে জেলা— সর্বত্রই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।
পুরনো বনাম নতুন: ভোটারের অঙ্কে বড় হেরফের SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে বাংলায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। তবে খসড়া বা ড্রাফট লিস্ট প্রকাশের সময় দেখা যায়, প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বিভিন্ন কারণে বাদ পড়েছে। ফলে ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছিল ৭ কোটি ৮ লক্ষে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে তাতে এই ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নামই থাকছে। তবে তালিকায় বড় বদল আনা হয়েছে স্বচ্ছতা বজায় রাখতে।
কী থাকছে এই নতুন তালিকায়? কমিশন সূত্রে জানা গেছে, এবারের তালিকায় তিনটি প্রধান ভাগ থাকবে:
-
সাধারণ তালিকা: যাঁদের নাম কোনো বিতর্ক ছাড়াই গৃহীত হয়েছে।
-
Deleted (বাদ পড়া): যাঁদের নাম ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ দেওয়া হয়েছে, তাঁদের নামের পাশে স্পষ্টভাবে ‘Deleted’ লেখা থাকবে।
-
Under Adjudication (পর্যবেক্ষণাধীন): প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নথি নিয়ে এখনও জট কাটেনি। এঁদের ভবিষ্যৎ বর্তমানে জুডিশিয়াল অফিসারদের হাতে। তাঁদের নামের পাশে ‘Under Adjudication’ লেখা থাকবে।
মনোনয়ন পর্যন্ত জারি থাকবে প্রক্রিয়া নির্বাচন কমিশনের তরফে আশ্বস্ত করা হয়েছে যে, SIR প্রক্রিয়া আজই থেমে যাচ্ছে না। এটি একটি চলমান প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়বে এবং নিষ্পত্তি হবে, সেই নামগুলি পৃথক ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা পরিপূরক তালিকা হিসেবে মূল তালিকার সঙ্গে যুক্ত করা হবে। অর্থাৎ, আজ যাঁদের নাম ‘অ্যাডজুডিকেশন’ তালিকায় রয়েছে, নথিপত্র সঠিক থাকলে ভোটের আগেই তাঁরা মূল তালিকায় ফিরে আসতে পারেন।
মাঠে নেমেছে পুলিশ, কড়া হুঁশিয়ারি ডিজির ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে বা গুজব না ছড়ায়, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে জানিয়েছেন, “আমরা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ সজাগ আছি। সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা প্রক্রিয়া চলছে এবং আমরা সবকিছুর ওপর নজর রাখছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” রাজনৈতিক উত্তেজনা বা ভুয়ো খবরের মাধ্যমে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন, সেদিকেও কড়া নজরদারি চালাচ্ছে সাইবার সেল।