ইডেনে মহারণ: ‘এটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল’, ক্যারিবিয়ান ঝড়ের আগে হুঙ্কার রায়ান টেন ডেসকাটের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কি আজই নিশ্চিত করবে ভারত? ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস আর সতর্কতার এক মিশ্রণ ধরা পড়ল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের ধাক্কা কাটিয়ে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে ছন্দে ফিরেছে সূর্যকুমার যাদবের দল। তবে রবিবারের এই ম্যাচটিকে কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’ হিসেবেই দেখছেন ভারতীয় সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রায়ান স্পষ্ট জানান, ওয়েস্ট ইন্ডিজ অত্যন্ত শক্তিশালী দল এবং তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা সহজ হবে না। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ যে কোনো বিশ্বমানের দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাদের দলে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং করার ক্ষমতা আছে, যা আমাদের বোলিং ইউনিটের জন্য বড় পরীক্ষা হতে চলেছে।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিপর্যয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬ রানের পাহাড় গড়েছে ভারত, যেখানে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাটিং দলের মনোবল বাড়িয়েছে। রায়ানের মতে, চেন্নাই ম্যাচের পর দলের কম্বিনেশনে যে বদল আনা হয়েছে, তা ইতিবাচক ফল দিচ্ছে।
কলকাতার ঘরের ছেলে বরুণ চক্রবর্তীকে নিয়েও আশাবাদী সহকারী কোচ। ইডেনের পিচ বরুণের খুব চেনা হওয়ায় তিনি আজ ঘাতক হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে। রায়ান বলেন, “বরুণ এই মাঠে অনেক খেলেছে, ও ভালো ছন্দে আছে।” আজ ইডেনে জিতলেই ভারত বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবে, আর হারলেই বিদায়—এমন সমীকরণকে সামনে রেখেই ‘ধুরন্ধর’ মেজাজে নামতে তৈরি ভারতীয় ব্রিগেড।