Kolkata Airport: দোহা-দুবাই যাওয়ার কথা? ইজরায়েল-ইরান যুদ্ধে বাতিল একাধিক ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই তার সরাসরি প্রভাব পড়ল তিলোত্তমায়। ইজরায়েল-ইরান সংঘাতের জেরে আকাশপথ অসুরক্ষিত হয়ে পড়ায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরপর চারটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। এর ফলে বিমানবন্দরে এসে চরম হয়রানি ও দুর্ভোগের শিকার হয়েছেন কয়েকশো যাত্রী।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, যে চারটি উড়ান বাতিল করা হয়েছে সেগুলি হলো— দুবাইগামী ফ্লাই এমিরেটসের বিমান (EK 573), দোহাগামী কাতার এয়ারওয়েজের বিমান (QR 541), আবু ধাবীগামী এয়ার আরাবিয়ার বিমান (3L 167) এবং আবু ধাবীগামী ইতিহাদ এয়ারওয়েজের বিমান (EY 221)। শনিবার সকাল থেকেই তেহরানের ওপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা বাড়ে। পাল্টা জবাবে ইরান কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের আকাশপথ বিপজ্জনক হয়ে ওঠে।
যাত্রীদের অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির কথা তাঁরা জানলেও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির তরফে উড়ান বাতিলের কোনো আগাম মেসেজ বা ইমেল পাঠানো হয়নি। বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন যে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্ষোভে ফেটে পড়েন দোহা ও দুবাইগামী যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ নিরাপত্তা বাড়িয়েছে। আপাতত বিকল্প কোনো রুটে বিমান চালানো সম্ভব কি না, তা খতিয়ে দেখছে উড়ান সংস্থাগুলো।