ইডেনে ডু-অর-ডাই! লেজার শোর রোশনাইয়ে কি বাজিমাত করবে ভারত? না কি কাঁটা হবে ক্যারিবিয়ান পাওয়ার হিটাররা?

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক রুদ্ধশ্বাস মহাযুদ্ধের প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবোয়েকে ৭২ রানে গুঁড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে সূর্যকুমার যাদবের ভারত। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত, আর হারলেই বিদায়। এই সমীকরণকে সামনে রেখেই আজ তিলোত্তমায় উত্তেজনার পারদ তুঙ্গে। মাঠের বাইরে ৯০০ টাকার টিকিটের দাম কালোবাজারিতে ৩০০০ ছুঁয়েছে, যা থেকেই স্পষ্ট রবিবাসরীয় ইডেন নিয়ে উন্মাদনা কোন পর্যায়ে।

ভারতের ব্যাটিং লাইন-আপ এখন তুখোড় ফর্মে। অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসন— প্রত্যেকেই রানের মধ্যে রয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬/৪ তুলে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়েছে ভারত। অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিং এবং তিলক বর্মার ১৬ বলে বিধ্বংসী ৪৪ রানের ইনিংস ক্যারিবিয়ান বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ভারতীয় শিবিরের মূল দুশ্চিন্তা স্পিনের বিরুদ্ধে দুর্বলতা এবং অতিরিক্ত বুমরা-নির্ভরতা। বরুণ চক্রবর্তীর অফ-ফর্ম গম্ভীরের কপালে চিন্তার রেখা যোগ করেছে, কারণ সুপার এইটের গত দুই ম্যাচে তিনি প্রায় ৮০ রান খরচ করেছেন।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দল হারলেও তাদের ব্যাটিং লাইন-আপ অত্যন্ত ভয়ঙ্কর। শেই হোপ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ডের মতো পাওয়ার হিটাররা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একসময় ৬০/৬ হয়ে গিয়েও তারা ১৭৬ রান তুলেছিল, যা তাদের গভীর ব্যাটিং শক্তির প্রমাণ। ভারতের স্পিনারদের বিরুদ্ধে আজ ঘাতক হয়ে উঠতে পারেন মোটি বা রোস্টন চেজরা।

পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে, ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক হবে এবং রাতে শিশির (Dew) বড় ভূমিকা নেবে। তাই টসে জিতে রান তাড়া করাই হবে বুদ্ধিমানের কাজ। দর্শকদের বাড়তি বিনোদনের জন্য থাকছে বিশেষ ‘লেজার শো’ এবং ‘ধুরন্ধর’ সিনেমার গান। সূর্যকুমার যাদবকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হবে ঠিকই, কিন্তু ১০ বছর আগের হারের বদলা নিয়ে ভারত সেমিতে পৌঁছাতে পারে কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

Samrat Das
  • Samrat Das