ভোটার তালিকায় মহাপ্রলয়! বাদ পড়ল ৬৩ লক্ষ নাম, আপনার নাম আছে তো? এখনই চেক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনী আবহের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দীর্ঘ প্রতীক্ষিত স্পেশাল ইন্টারঅ্যাক্টিভ রিভিশন (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার কলকাতায় এক হাই-প্রোফাইল সংবাদ সম্মেলনে এই তালিকা জনসমক্ষে আনেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই প্রক্রিয়ার পর রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে, কারণ তালিকা থেকে বাদ পড়েছে রেকর্ড সংখ্যক ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম।
মনোজ আগরওয়াল জানান, SIR প্রক্রিয়া শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪-তে। তবে সবথেকে উদ্বেগের বিষয় হলো, এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘নিষ্পত্তির অপেক্ষায়’ (Under Adjudication) রয়েছে। অর্থাৎ, এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার পাওয়া না পাওয়া এখনও ঝুলে রয়েছে আইনি বা প্রশাসনিক প্রক্রিয়ার জালে।
কমিশনের বিস্তারিত তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নথিবদ্ধ হয়েছেন ১,৩৮২ জন। গত বছরের ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন। সেই নিরিখে SIR-এর দ্বিতীয় ধাপে নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন (ফর্ম ৬ ও ৬এ) ভোটার তালিকায় যুক্ত হতে পেরেছেন। অন্যদিকে, ৬,৬৭১ জন ভোটার তাদের তথ্য সংশোধন করেছেন।
সাধারণ মানুষের সুবিধার্থে কমিশন জানিয়েছে, প্রতিটি বুথ লেভেল অফিসারের (BLO) কাছে তালিকার দুটি কপি পাঠানো হয়েছে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এছাড়া রাজনৈতিক দলগুলির কাছেও সফ্ট ও হার্ড কপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে নাম দেখার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ‘ECI Net’ অ্যাপ ব্যবহার করা যাবে। ভোটের আগে নিজের নাম সুনিশ্চিত করতে এখনই তালিকা দেখে নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।