ইডেনে মহাযুদ্ধ! লেজার শো আর ধুরন্ধর সিনেমার গানে আজ কি জয়ে ফিরবে ভারত?

তিলোত্তমায় আজ ক্রিকেটের মহোৎসব। ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক মাঠে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দুই দলের কাছেই এই ম্যাচটি সেমিফাইনালে ওঠার ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬ রান তুলে রেকর্ড জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও তাদের ব্যাটিং গভীরতা দিয়ে যে কোনো দলকে ভয় ধরাতে সক্ষম।

ইডেনের পিচ ও পরিকল্পনা: কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে, ইডেনের পিচ হবে ব্যাটিং সহায়ক, যেখানে ভালো বাউন্স আর গতির দেখা মিলবে। তবে সন্ধ্যার পর শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, তাই টসে জিতলে রান তাড়া করাই বুদ্ধিমানের কাজ। ভারতীয় বোলিং লাইন-আপ মূলত জসপ্রীত বুমরা নির্ভর হয়ে পড়েছে, যা দুশ্চিন্তার কারণ। বরুণ চক্রবর্তী গত দুই ম্যাচে বেশ রান দিলেও ইডেনের মন্থর পিচে তিনি আজ কামব্যাক করতে পারেন কিনা, সেটাই দেখার।

বিনোদনের ডালি: আজকের ম্যাচে সমর্থকদের জন্য বিশেষ চমক থাকছে ‘লেজার শো’। গ্যালারিতে উন্মাদনা বাড়াতে বাজবে সাম্প্রতিক সুপারহিট সিনেমা ‘ধুরন্ধর’-এর গান। মাঠের ভেতরে যেমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, মাঠের বাইরেও টিকিটের কালোবাজারি তুঙ্গে। ৯০০ টাকার টিকিট ৩০০০ টাকায় বিকোচ্ছে দালাল স্ট্রিটে। ১০ বছর আগের স্মৃতি মনে রেখে গৌতম গম্ভীর ও সূর্যকুমারের দল কি আজ শেষ হাসি হাসবে? উত্তর মিলবে ইডেনের ফ্ল্যাডলাইটের নিচে।