আজ মাঝরাতেই ভাগ্যবদল! প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে দেখবেন কীভাবে?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সবথেকে বড় প্রশাসনিক পদক্ষেপ সম্পন্ন হতে চলেছে। আজ শুক্রবার মধ্যরাতেই প্রকাশিত হচ্ছে এরাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শনিবার দুপুর থেকেই সাধারণ মানুষ অনলাইনে এই তালিকা দেখতে পাবেন। নিজের নাম, বিধানসভা কেন্দ্র বা এপিক (EPIC) নম্বর দিয়ে সহজেই ভোটার তালিকায় নিজের নাম যাচাই করে নেওয়া যাবে। এবার তালিকায় বড়সড় রদবদল ঘটেছে; প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার পর চূড়ান্ত তালিকায় নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের তালিকাটি ‘অ্যাপ্রুভড’, ‘নিষ্পত্তি হয়নি’ এবং ‘ডিলিটেড’—এই তিনটি বিশেষ ভাগে প্রকাশিত হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে রাজ্যে মোতায়েন থাকছেন ৫৩০ জন জুডিশিয়াল অফিসার। সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে জুডিশিয়াল অফিসারদের নজরদারিতেই এই তথ্য যাচাই বা SIR-এর কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, ভোটের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে ১ তারিখ থেকেই রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় আসা ২৪০ কোম্পানি বাহিনীর মধ্যে দক্ষিণবঙ্গে ১৭৪ এবং উত্তরবঙ্গে ৬৬ কোম্পানি মোতায়েন করা হবে। সবচেয়ে বেশি ৩০ কোম্পানি বাহিনী নামছে উত্তর ২৪ পরগনায়। রবিবার থেকেই এলাকা দখলে রুটমার্চ শুরু করবে জওয়ানরা।