উত্তরাখণ্ডে চাঞ্চল্য! অ্যাপেন্ডিক্সের ব্যথার চিকিৎসা করাতে গিয়ে সন্তান প্রসব নবম শ্রেণির ছাত্রীর

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এক হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এসেছে। নবম শ্রেণির এক ১৬ বছর বয়সি ছাত্রীর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, মেয়ে যে অন্তঃসত্ত্বা ছিল, সেই বিষয়ে তারা ঘুণাক্ষরেও কিছু জানত না। দীর্ঘদিন ধরে মেয়েটি পেটের যন্ত্রণায় ভুগছিল এবং পরিবার ভেবেছিল এটি ‘অ্যাপেন্ডিসাইটিস’-এর ব্যথা। শুক্রবার রুদ্রপ্রয়াগ জেলা হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা করে স্তম্ভিত হয়ে যান এবং জানান যে ওই নাবালিকা আসলে গর্ভবতী।
এরপর তাকে দ্রুত শ্রীনগর বেস হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকল্যাণ কমিটিকে খবর দিলে, নবজাতককে বর্তমানে একটি বিশেষ দত্তক সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত সরকারের CARA পোর্টালের মাধ্যমে দু’মাস পর শিশুটির দত্তক প্রক্রিয়া শুরু হবে। এদিকে, এই ঘটনাকে ধর্ষণের মামলা হিসেবে দেখছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও নির্যাতিতা কিশোরী এখনো অভিযুক্তের নাম প্রকাশ করেনি। ওয়ান-স্টপ সেন্টারের আধিকারিক রঞ্জনা গাইরোলা জানিয়েছেন, প্রশাসনিক স্তরে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।