৬জি প্রযুক্তিতে দুনিয়া কাঁপাবে ভারত! আইআইটি খড়গপুর ও টেলিকম দফতরের ঐতিহাসিক চুক্তি

বিশ্বজুড়ে যখন ৬জি (6G) প্রযুক্তির প্রস্তুতি শুরু হয়েছে, তখন টেলিকম মানচিত্রে ভারতের ছাপ আরও জোরালো করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। শুক্রবার টেলিযোগাযোগ দফতরের টেলিযোগাযোগ প্রকৌশল কেন্দ্র (TEC) এবং আইআইটি খড়গপুরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো উন্নত যোগাযোগ প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করে তোলা।
এই অংশীদারিত্বের ফলে ৫জি (5G) এবং ভবিষ্যৎ প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য উন্নত অ্যান্টেনা সিস্টেম ও এমআইএমও (MIMO) প্রযুক্তির ওপর যৌথ গবেষণা চালানো হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমর্থিত আইওটি (IoT) সেন্সর এবং স্মার্ট সমাধান নিয়েও কাজ করবে দুই সংস্থা। আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, গবেষণাকে সরাসরি নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করাই এই চুক্তির উদ্দেশ্য। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে টেলিকম মান নির্ধারণে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং বিদেশের ওপর নির্ভরতা কমবে। প্রযুক্তির এই লড়াইয়ে খড়গপুর থেকে শুরু হওয়া এই সফর ভারতের ‘ডিজিটাল ইন্ডিয়া’ স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল।