কালই পড়েছিল পিচ, আজ কম্পনে চৌচির নতুন রাস্তা! বেহালায় বড়সড় ধস, চাঞ্চল্য তিলোত্তমায়

শুক্রবার দুপুরের ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেবল মানুষের মন নয়, কেঁপে উঠল কলকাতার মাটিও। কম্পনের তীব্রতা কতটা ভয়াবহ ছিল, তার চাক্ষুষ প্রমাণ মিলল দক্ষিণ কলকাতার বেহালায়। পর্ণশ্রী এলাকার একটি সদ্য নির্মিত পিচের রাস্তা ভূমিকম্পের জেরে মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গিয়েছে। বড়সড় ফাটলের পাশাপাশি রাস্তার কিছু অংশে ধসও নেমেছে বলে স্থানীয় সূত্রে খবর।
বেহালার পর্ণশ্রীতে প্রকৃতির তাণ্ডব বেহালার ১৩২ নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোড সংলগ্ন মান্না পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তাটি মাত্র গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই নতুন পিচ দিয়ে তৈরি করা হয়েছিল। শুক্রবার দুপুরে যখন তীব্র কম্পন অনুভূত হয়, তখন হঠাৎই বিকট শব্দে রাস্তার মাঝখানে ফাটল দেখা দেয়। মান্না পাড়ার মহিলারা প্রথম এই ফাটলটি লক্ষ্য করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন। রাস্তার ঠিক পাশেই একটি বড় পুকুর রয়েছে, যা চারপাশ দিয়ে বাঁধানো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুকুরের ধারের মাটি আলগা থাকায় ভূমিকম্পের ঝাকুনিতে রাস্তাটি ধসে গিয়েছে। খবর পাওয়ামাত্রই পৌরসভা ফাটল মেরামতির কাজ শুরু করেছে।
কলকাতায় কম্পনের গভীরতা ও উৎস ইউএসজিএস (USGS) জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা ২২ মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর ২৪ পরগনার টাকি থেকে মাত্র ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বাংলাদেশের খুলনার কাছে। মাটির মাত্র ৯.৮ কিলোমিটার গভীরে এই আলোড়ন সৃষ্টি হওয়ায় কম্পন অত্যন্ত জোরালোভাবে অনুভূত হয়েছে। কলকাতা থেকে এর দূরত্ব ছিল মাত্র ৯০ কিলোমিটার। এই অগভীর বা ‘শ্যালো’ ভূমিকম্পের কারণেই শহরের বিভিন্ন প্রান্তে পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে।
আতঙ্কে বাংলা: পাহাড় থেকে সমতল উল্লেখ্য, গত বৃহস্পতিবারই উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সিকিমে ৪.৬ মাত্রার সেই কম্পনের রেশ কাটতে না কাটতেই শুক্রবার দক্ষিণবঙ্গে এই বড় মাপের ভূমিকম্প শহরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। বেহালার এই ফাটল বুঝিয়ে দিচ্ছে যে, রিখটার স্কেলে ৫.৫ মাত্রা কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরের মাটির ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে। আবহাওয়া দপ্তর এবং ভূতাত্ত্বিকরা পরবর্তী ‘আফটার শক’ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।