‘অপারেশন সিঁদুর ২.০’ প্রস্তুত! সীমান্তে আর একটা ভুল করলেই চরম শিক্ষা পাবে পাকিস্তান, হুঙ্কার ভারতীয় সেনার

ইসলামাবাদকে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে পাকিস্তানের যে কোনও প্ররোচনার খেসারত যে ভয়াবহ হতে পারে, তা স্পষ্ট করে দিল সেনার ওয়েস্টার্ন কম্যান্ড। পাঠানকোট থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তার ‘যোগ্য’ এবং ‘কঠিন’ প্রত্যুত্তর দেওয়ার জন্য সেনার বিশেষ উইং এখন সম্পূর্ণ প্রস্তুত। আর এই নতুন রণকৌশলের নাম দেওয়া হয়েছে— ‘অপারেশন সিঁদুর ২.০’।

অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট ও সাফল্য ২০২৫ সালে পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের রক্তের বদলা নিতে ভারত শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’। সেই সময় মাত্র ৮৮ ঘণ্টার এক ঝটিকাবাহিনী অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা ও বায়ুসেনা। পাকিস্তান পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করলেও ভারতীয় জওয়ানদের বীরত্বের সামনে তারা পর্যুদস্ত হয়। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর জানান, গত বছরের সেই সাফল্য ছিল স্রেফ একটি ছোট নমুনা।

কী এই ‘অপারেশন সিঁদুর ২.০’? জেনারেল কমান্ডিং অফিসার ২ কর্পস (খড়গ কর্পস) লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর ২.০’ বর্তমানে মাঝপথে রয়েছে এবং এটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এবারের অপারেশনে ব্যবহার করা হবে অত্যাধুনিক হাই-টেক প্রযুক্তি এবং ড্রোন সারভেইল্যান্স। সীমান্তে ওপার থেকে কোনও জঙ্গি অনুপ্রবেশ বা হামলার চেষ্টা হলে মুহূর্তের মধ্যে ড্রোন প্রযুক্তির সাহায্যে শত্রুঘাঁটি চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। গোয়েন্দা সূত্রে খবর, আগের চেয়ে অনেক বেশি নিখুঁত এবং বিধ্বংসী হতে চলেছে এই নতুন পরিকল্পনা।

সতর্কবার্তায় কড়া সুর গত বছর মে মাসে পাকিস্তানে জঙ্গিদমনে বড় সাফল্য পাওয়ার পর সাময়িক যুদ্ধবিরতি থাকলেও পাকিস্তানের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। জেনারেল পুষ্কর স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যদি মনে করে তারা পুরোনো কায়দায় ছায়াযুদ্ধ চালিয়ে যাবে, তবে তারা ভুল করছে। ভারতীয় সেনার ওয়েস্টার্ন কম্যান্ড এখন যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। আধুনিক সমরাস্ত্র এবং ড্রোনের এই সংমিশ্রণ পাকিস্তানকে মানসিকভাবে চাপে রাখবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।