১০ মার্চের আগেই বঙ্গে আছড়ে পড়ছে কেন্দ্রীয় বাহিনীর দ্বিতীয় ঢেউ! ২৪০ কোম্পানি পাঠাচ্ছে নির্বাচন কমিশন

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ১০ই মার্চ নয়, বরং তার কয়েকদিন আগেই অর্থাৎ আগামী ৭ বা ৮ই মার্চের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CAPF) রাজ্যে প্রবেশ করবে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফাতেও মোট ২৪০ কোম্পানি আধাসেনা পাঠানো হচ্ছে।
ইতিমধ্যেই প্রথম দফার ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছে কমিশন। প্রথম পর্যায়ে সবথেকে বেশি ১৪ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জন্য। এছাড়া কলকাতা ও মালদহে মোতায়েন করা হচ্ছে ১২ কোম্পানি করে বাহিনী। উত্তরবঙ্গের কোচবিহারে ৯ কোম্পানি এবং ব্যারাকপুরেও ৯ কোম্পানি বাহিনী থাকছে। জেলা ও পুলিশ কমিশনারেট ভিত্তিক এই বণ্টনের তালিকায় স্পর্শকাতর এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দ্বিতীয় পর্যায়ের ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসার পর তাদের কোথায় মোতায়েন করা হবে, তা নিয়ে আগামী দু-তিন দিনের মধ্যেই রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— মোট ৩৫টি পুলিশ জেলা ও কমিশনারেটে এই বাহিনী ছড়িয়ে দেওয়া হবে। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই কমিশনের এই বিশেষ তৎপরতা বলে মনে করা হচ্ছে।