ভোটার তালিকায় নাম আছে তো? ২৮শে ফেব্রুয়ারির আগে ঘরে বসেই জেনে নিন নিজের স্ট্যাটাস!

আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকা। প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম এই তালিকায় থাকার কথা থাকলেও, সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে তীব্র উদ্বেগ। নাম বাদ পড়ল কি না, বা নামের পাশে ‘অ্যাডজুডিকেটেড’ লেখা থাকল কি না— এই নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন রাজ্যবাসীকে আশ্বস্ত করতে সহজ সমাধান দিচ্ছে নির্বাচন কমিশন।
কীভাবে দেখবেন আপনার নাম? অনলাইন এবং অফলাইন— দুই পদ্ধতিতেই তালিকা যাচাই করা যাবে।
-
অনলাইন পদ্ধতি: কমিশনের দুটি প্রধান ওয়েবসাইট voters.eci.gov.in অথবা electoralsearch.eci.gov.in-এ লগ ইন করতে হবে। সেখানে আপনার ভোটার কার্ড বা এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই বিস্তারিত তথ্য চলে আসবে। যাদের কাছে এই মুহূর্তে কার্ড নেই, তাঁরা নাম, বাবার নাম বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েও তথ্য খুঁজতে পারেন। এছাড়া পুরো ‘ইলেক্টোরাল রোল’ ডাউনলোড করে নিজের বুথের তালিকা দেখে নেওয়া সম্ভব।
-
অফলাইন পদ্ধতি: সংশ্লিষ্ট বিডিও (BDO) অফিস, পঞ্চায়েত ভবন বা কমিশন নির্ধারিত সরকারি অফিসে গিয়েও হার্ডকপি দেখা যাবে।
নাম না থাকলে কী করণীয়? যদি দেখেন চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই, তবে ঘাবড়ানোর কিছু নেই। তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) কাছে আপিল করা যাবে। সেখানে কাজ না হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দ্বারস্থ হতে হবে। এরপরও সমাধান না মিললে, ভোটার হওয়ার জন্য নতুন করে ‘ফর্ম ৬’ পূরণ করে জমা দিতে হবে। মনে রাখবেন, ভোটের মনোনয়ম জমা দেওয়ার অন্তত ১০ দিন আগে এই ফর্ম জমা দিতে হয়।
কমিশন সূত্রে খবর, এবার তিনটি ভাগে তালিকা বেরোবে— অনুমোদিত, অমীমাংসিত এবং বাতিল। প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ভোটার ‘অমীমাংসিত’ বিভাগে থাকলেও তাঁরা আপাতত ভোট দিতে পারবেন বলে কমিশনের আশ্বাস। তবে রাজনৈতিক তরজা থামছে না; তৃণমূল যেখানে একে ‘বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত’ বলছে, বিজেপি সেখানে ‘ভুয়ো ভোটার মুক্ত’ স্বচ্ছ তালিকার পক্ষে সওয়াল করছে।