জার্মানি থেকে ডার্ক ওয়েব অপারেশন? বাংলার একাধিক জেলায় বোমাতঙ্কের ই-মেল ঘিরে ঘনীভূত রহস্য!

চুঁচুড়া থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় বোমাতঙ্কের ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক হুমকি বার্তায় যখন রাজ্যজুড়ে ত্রাস, তখনই তদন্তে নেমে এক বিস্ফোরক তথ্য হাতে পেল রাজ্য পুলিশের সাইবার উইং। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হুমকি ই-মেলগুলি পাঠানোর জন্য ব্যবহার করা হয়েছে জার্মানি-ভিত্তিক একটি হাই-সিকিউরিটি সার্ভার এবং কুখ্যাত ‘ডার্ক ওয়েব’ প্রযুক্তি।

পুলিশ সূত্রে খবর, চুঁচুড়ার ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য পুলিশের সাইবার উইংয়ের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি এবং বেঙ্গালুরুতেও একই ধরনের প্যাটার্নে হুমকি ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, অপরাধীরা নিজেদের প্রকৃত অবস্থান আড়াল করতে অত্যন্ত জটিল নেটওয়ার্ক ব্যবহার করছে। এই ই-মেলগুলি পাঠানোর ক্ষেত্রে ‘টর’ (Tor) ব্রাউজার এবং বিশেষ এনক্রিপ্টেড সার্ভিস ব্যবহার করা হয়েছে, যার ফলে প্রেরকের আইপি (IP) অ্যাড্রেস শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সাইবার বিশেষজ্ঞদের অনুমান, এর নেপথ্যে কোনও শক্তিশালী আন্তর্জাতিক চক্র থাকতে পারে। প্রযুক্তির সাহায্যে এই বার্তাগুলি এক দেশ থেকে অন্য দেশে ভার্চুয়াল সার্ভারের মাধ্যমে ‘রাউট’ করা হচ্ছে। পাকিস্তান বা অন্য কোনও শত্রু দেশ থেকে এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ চালানো হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তের স্বার্থে এখনই কোনও নির্দিষ্ট দেশের নাম নিশ্চিত করতে চায়নি পুলিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ চলছে। ডার্ক ওয়েবের এই গোলকধাঁধা কাটিয়ে অপরাধীদের নাগাল পেতে এখন মরিয়া রাজ্য পুলিশ।