১ কেজিতে ৩৪ কিমি! পেট্রোলের টেনশন ভুলে মধ্যবিত্তের সহায় এই ৫ সিএনজি গাড়ি, তালিকায় আপনার পছন্দেরটি আছে তো?

আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে পকেটের চাপ কমাতে মধ্যবিত্তের তুরুপের তাস হয়ে উঠেছে সিএনজি (CNG) চালিত গাড়ি। বিশেষ করে যারা প্রতিদিন যাতায়াতের খরচ কমাতে চান, তাঁদের জন্য ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির চেয়েও বেশি সাশ্রয়ী হিসেবে জনপ্রিয় হচ্ছে সিএনজি মডেলগুলি। ভারতের বাজারে মারুতি সুজুকি বর্তমানে এই বিভাগে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। ৩৪ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে এমন সেরা ৫টি গাড়ির হদিশ রইল এখানে:
তালিকায় সবার উপরে রয়েছে মারুতি সুজুকি সেলেরিও (Celerio)। বর্তমানে ভারতের বাজারে এটিই সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া সিএনজি গাড়ি। প্রতি কেজি গ্যাসে এই গাড়ি ৩৪.৪৩ কিমি পথ চলতে পারে। এর VXI ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৯৮ লক্ষ টাকা থেকে। এর পরেই রয়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা ওয়াগন আর (Wagon R)। মধ্যবিত্তের প্রিয় এই ‘টলে বয়’ গাড়িটি প্রায় ৩৪ কিমি/কেজি মাইলেজ দেয়। এর LXI সিএনজি মডেলটির দাম ৫.৮৯ লক্ষ টাকা।
বাজেট যাঁদের আরও কম, তাঁদের জন্য সেরা অপশন অল্টো কে১০ (Alto K10)। এটি দেশের অন্যতম সস্তা সিএনজি গাড়ি, যার দাম শুরু হচ্ছে মাত্র ৪.৮২ লক্ষ টাকা থেকে এবং মাইলেজ প্রায় ৩৩.৮৫ কিমি/কেজি। অন্যদিকে যারা প্রিমিয়াম লুক এবং সেডান পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে ডিজায়ার (Dzire)। এর সিএনজি মডেল ৩৩ কিমি/কেজি মাইলেজ দেয়। আর স্টাইলিশ হ্যাচব্যাক প্রেমীদের জন্য রয়েছে সুইফট (Swift), যা প্রতি কেজি সিএনজিতে ৩২ কিমি পর্যন্ত চলতে সক্ষম। প্রতিদিনের রানিং কস্ট কমাতে এই ৫টি গাড়ি বর্তমানে বাজারের সেরা ডিল।