‘সবকিছুর একটা শেষ আছে’- সোশাল মিডিয়ায় বডি শেমিং !

গ্ল্যামার দুনিয়ায় ট্রোলিং নতুন কিছু নয়, কিন্তু এবার শালীনতার সব সীমা ছাড়িয়ে যাওয়ায় গর্জে উঠলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লাগাতার বডি শেমিং এবং কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবার সরাসরি কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হলেন তিনি। শুক্রবার ইমেল মারফত নিজের অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর সাফ কথা, “বাক স্বাধীনতা মানেই উশৃঙ্খলতা নয়।”
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বড় পর্দার এই নায়িকা সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘ঠাকুরমার ঝুলি’ সিরিজের শুটিং শেষ করেছেন। সেখানে নামভূমিকায় অভিনয়ের প্রয়োজনে তাঁকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সেই বাড়তি ওজন নিয়েই সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কদর্য আক্রমণ। তাঁর শারীরিক গঠন নিয়ে মিম এবং নোংরা কমেন্টে ভরে যায় নেটপাড়া।
ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “অনেকদিন চুপ ছিলাম, পাত্তা দিইনি। কিন্তু সবকিছুর একটা শেষ আছে। চরিত্রের প্রয়োজনে আমাকে ওজন বাড়াতে হয়েছিল, অথচ লোকে না জেনেই নোংরা মন্তব্য করছে। এটা শুধু আমার একার নয়, অনেক অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও হচ্ছে। প্রতিবাদ জানানো দরকার ছিল, তাই আইনি পথে হাঁটলাম।” কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, তাঁরা অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ট্রোলিংয়ের নামে যারা ব্যক্তিগত আক্রমণ চালায়, এবার তাদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।