দুপুরে তীব্র ভূমিকম্পে কাঁপল কলকাতা! মধ্য কলকাতায় হুড়মুড়িয়ে হেলে পড়ল বহুতল?

শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই তীব্র কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। আতঙ্কে ঘর ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, মধ্য কলকাতার একটি বহুতল বাড়ি ভূমিকম্পের প্রভাবে হেলে পড়েছে।

ঘটনাস্থল গণেশচন্দ্র অ্যাভিনিউ লাগোয়া ৩৪এ মেটাকাফ স্ট্রিট। কম্পন থামার পরেই স্থানীয়রা লক্ষ্য করেন একটি বহুতল হেলে রয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তবে দমকল কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখার পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। স্থানীয় বাসিন্দা ও বহুতলের আবাসিকরা জানান, বাড়িটি আজকের ভূমিকম্পে হেলেনি; বরং দীর্ঘ দিন ধরেই এই অবস্থায় রয়েছে। অর্থাৎ, নতুন করে কোনও কাঠামোগত ক্ষতি বা বিপত্তির আশঙ্কা আপাতত নেই। স্বস্তির খবর এই যে, ওই এলাকায় কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারতের টাকি থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনা জেলায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯.৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎস। ২-৩ সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে শপিং মল থেকে শুরু করে সরকারি দফতর— সর্বত্র হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি ভোটার তালিকা সংশোধনের (SIR) গুরুত্বপূর্ণ কাজ চলাকালীন সিইও (CEO) দফতরও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে। বড় কোনও বিপদ না ঘটলেও, প্রকৃতির এই হঠাৎ রুদ্ররূপে শহরবাসীর মনে দানা বেঁধেছে তীব্র আতঙ্ক।