ভোটার তালিকায় মহাপ্রলয়! ১ কোটি ১৫ লক্ষ নাম কি বাদ? দিলীপের বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি!

পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ এখন তুঙ্গে। সৌজন্যে— বহু প্রতীক্ষিত এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। আগামী ২৮শে ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশিত হতে চলেছে। ঠিক তার আগেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কাকে কার্যত শিলমোহর দিয়ে দিলীপের দাবি, সংখ্যাটা আসলে আরও বেশি হওয়ার কথা।

সম্প্রতি ভবানীপুরের এক সভায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন যে, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যেতে পারে। শুক্রবার সকালে সেই প্রসঙ্গের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা তো প্রথম থেকেই বলছি, রাজ্যে অন্তত দেড় কোটি ভুয়ো ভোটার রয়েছে। মুখ্যমন্ত্রী এখন নাটক করছেন কারণ তাঁর ভোটব্যাংকে টান পড়ছে।”

দিলীপ ঘোষের যুক্তি, দেশের নিরাপত্তার খাতিরেই এই শুদ্ধিকরণ জরুরি। তিনি সাফ জানান, “পশ্চিমবঙ্গে প্রচুর বিদেশি ঢুকে পড়েছে। তারা যদি এদেশের নাগরিক বা ভোটার হয়ে যায়, তবে গণতন্ত্রের কোনো মানে থাকে না। দেশের সুরক্ষা চরম সংকটে পড়ে যাবে।” বিজেপি নেতার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে প্রায় ৫৮ লক্ষ নাম ফর্ম ফিলাপেই বাদ গিয়েছে। এছাড়া শুনানিতে ডাকার পরেও প্রায় ৫০ লক্ষ মানুষ হাজির হননি। দিলীপের সাফ কথা, “যারা শুনানিতে আসেনি, তাদের নাম তো বাদ যাবেই। সব মিলিয়ে অঙ্কটা ১ কোটি ১৫ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে।”

সূত্রের খবর, শনিবার যে তালিকা প্রকাশিত হবে তাতে নাম থাকবে সাত কোটি আট লক্ষ ভোটারেরই। তবে যাদের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে, তাদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেটেড’ (Adjudicated)। এই বিষয়ে দিলীপ ঘোষের আশ্বাস, “যাদের কাছে বৈধ কাগজপত্র আছে, তাদের ভয় নেই। কিন্তু যারা জাল নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, এবার তাদের দিন শেষ।” নির্বাচন কমিশনের এই কঠোর পদক্ষেপে শেষ পর্যন্ত কতজনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।