সিইও দপ্তরের ২০০ মিটারে সভা-মিছিলে নিষেধাজ্ঞা? বিরোধী দলনেতার নিরাপত্তা বাড়াতে কড়া নির্দেশ প্রধান বিচারপতির

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ এবং জুতো ছোড়ার ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই ঘটনায় রাজ্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। আগামী ৫ মার্চের মধ্যে পুলিশকে এই রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে আদালতের স্পষ্ট নির্দেশ—রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা অবিলম্বে বৃদ্ধি করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে এক ডেপুটেশন দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, সেই সময় দপ্তরের বাইরে আন্দোলনরত বিএলও (BLO) কর্মীদের বিক্ষোভের মধ্য থেকে তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। অল্পের জন্য জুতোর আঘাত থেকে রক্ষা পান তিনি। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। এদিন শুনানিতে তাঁর আইনজীবী সওয়াল করেন, “নির্বাচন কমিশনের দপ্তরের প্রবেশদ্বার আটকে কীভাবে বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হলো? এমনকি হাইকোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও পুলিশ কেন ব্যবস্থা নিল না?”

শুভেন্দুর আইনজীবীর দাবি, সিইও দপ্তরের ভবনের ২০০ মিটারের মধ্যে সব ধরণের বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করা হোক। রাজ্য সরকারের আইনজীবী এদিন ঘটনার রিপোর্ট দিতে সময় চাইলে আদালত আগামী ৫ মার্চ পর্যন্ত সময় মঞ্জুর করেছে। তবে আদালত সাফ জানিয়েছে, বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। এর আগেও শুভেন্দুর নিরাপত্তা নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। ফের একবার খাস কলকাতায় কমিশনের দপ্তরের সামনে এই বিশৃঙ্খলা রাজ্য পুলিশের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।